উপজেলা পরিষদ নির্বাচন স্বরূপকাঠীতে দুই মনোনয়ন প্রত্যাশী’র শোডাউন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের স্বরূপকাঠীতে দুই মনোনয়ন প্রত্যাশী’র সমর্থকরা একই সময়ে পৃথক পৃথক নির্বাচনী সমাবেশ করেছে।
গতকাল শনিবার সকালে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড় মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরে এ নির্বাচনী সমাবেশ করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তারা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদের সমর্থনে মিয়ারহাট বন্দরে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট জাকারিয়া খান স্বপনের সমর্থনে ইন্দুরহাট বন্দরে শো-ডাউন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদেরা সমর্থনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক মিয়ারহাট বন্দরে মিছিল বের করে। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সেখানে ফজলুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান বাদল, অ্যাডভোকেট আহসানুল হক কিমু, অ্যাডভোকেট আলাউদ্দিন।
অপরদিকে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া স্বপনের সমর্থনে সরকারী স্বরূপকাঠি কলেজ চত্বরের শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তাওহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির চান, যুবলীগ নেতা মো. নাসির আহম্মেদ, সাজ্জাদুর রহমান কাঞ্চন, মো. মাসুদ করিম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল ইন্দুরহাট বন্দর প্রদক্ষিণ করে।
