মোংলা প্রেসক্লাব থেকে জসিম উদ্দিনকে স্থায়ীভাবে বহিস্কার
গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের দায়ে মোংলা প্রেসক্লাব থেকে বাংলা ভিশন টিভির স্থানীয় প্রতিনিধি জসিম উদ্দিনকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সভায় তার বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান জানান।
জানা গেছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সরকারী বেসরকারী দফতরে সাংবাদিকতার ভয়ভীতি দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ ছিল। এজন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে একাধিকবার সতর্ক করে। কিন্তু সে সতর্ক জসিম কানে না তুলে নানা রকম অপকর্ম করতে থাকলে একপর্যায় প্রেসক্লাব নির্বাহী কমিটির সহ-সভাপতি পদ থেকে গত ডিসেম্বর মাসে ১৫ দিনের জন্য সাময়িক বহিস্কার করা হয়। সাময়িক বহিস্কারের মধ্যেও তার বিরুদ্ধে বিভিন্ন দফতর থেকে চাঁদাবাজির লিখিত অভিযোগ আসলে প্রেসক্লাব নেতৃবৃন্দ জরুরী সাধারণ সভা ডাকেন। সভায় চাঁদাবাজির লিখিত অভিযোগুলো তুলে ধরা হলে সকল সদস্যেরা তার সদস্য পদ থেকে বহিস্কারের প্রস্তাব তুললে সভায় তা সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসান জানান, মোংলায় কর্মরত সাংবাদিক এবং প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে জসিম উদ্দিনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ক্লাবের সদস্যরা তার বিতর্কিত কর্মকান্ডে সাধারণ সভায় নিন্দা জানিয়েছেন। বহিস্কারের সিদ্ধান্ত এরই মধ্যে বিভিন্ন দফতরে লিখিতভাবে জানানো হয়েছে।
