স্বরূপকাঠিতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১০
বিশেষ ক্ষমতা আইনে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন আহম্মেদ ও স্বরূপকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
হঠাৎ করে পুলিশের গ্রেফতার অভিযানে নতুন করে আতঙ্কের মধ্যে পড়েছে বিএনপি’র কর্মী-সমর্থকেরা বলে অভিযোগ করছেন উপজেলার একাধিক বিএনপি নেতারা।
স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত ব্যক্তিরা নির্বাচন বানচাল ষড়যন্ত্রে নাশকতা সৃষ্টি করতে যাচ্ছিল। কোন মামলা সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ছাড়া কাউকেই গ্রেফতার করা হচ্ছেনা।
পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে ক্ষমতাসীনরা পুলিশ দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পুলিশ এ গ্রেফতার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
