প্রধান সূচি

পিরোজপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পিরোজপুরের সকলস্তরের জনগনের কাছে ভোট চেয়ে বলেছেন, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে দক্ষিনাঞ্চল হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ অঞ্চল। দলের রাজনৈতিক ইসতেহারে যে ক’টি উন্নয়নের পরিকল্পনার কথা বলা আছে সেগুলো বাস্তবায়িত করতে পারলে দক্ষিনাঞ্চল আর অবহেলিত থাকবেনা। তাই নৌকা মার্কায় আপনাদের ভোট চাই। এসময় তিনি পিরোজপুরের ৩টি আসনের মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের সাথে কথা বলেন। প্রধানমন্ত্রী তাদের কথাও মনোযোগ সহকারে শোনেন।

পিরোজপুর জেলার তিনটি আসনে জোট-মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে ঢাকা থেকে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পর্যায়ক্রমে পিরোজপুর-১ আসনে (সদর-নাজিরপুর- নেছারাবাদ) আওয়ামী লীগের প্রার্থী দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পিরোজপুর-৩ আসনে (মঠবাড়িয়া) মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি-জাপা’র প্রেসিডিয়াম সদস্য ডা. রুস্তুম আলী ফরাজীকে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ হাসিনা প্রার্থীদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণও দেন। ভিডিও কনফারেন্স উপলক্ষে আয়োজিত জনসভা লোকে লোকারণ্য ছিলো।

প্রধানমন্ত্রী কনফারেন্সে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনে মহাজোটের প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার এবং সহ-সভাপতি পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের সাথে সরাসরি কথা বলেন।

এদিকে, ভিডিও কনফারেন্স শুরুর আগে সমবেতদের উদ্দেশ্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অতীতে ও বর্তমানে দক্ষিণ অঞ্চলের রাস্তা-ঘাট, সেতু, নদীভাঙ্গন রোধসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। পিরোজপুরে বলেশ্বর সেতু নির্মাণ, পিরোজপুর-বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়ক, পিরোজপুর-টুঙ্গীপাড়া-গোপালগঞ্জ সড়ক নির্মাণসহ যোগাযোগ অবকাঠামো বিনির্মাণে শেখ হাসিনার অবদান ব্যাপক। উন্নয়নের শেষ নেই, ঐক্যবদ্ধ থেকে, সুদৃঢ় লক্ষ্য স্থির করে কাজ করতে হয়। নানা কারণে আমাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। নির্বাচনের আগে মনে ক্ষোভ, দুঃখ, হতাশা, দ্বিধা, গ্লানি, বিরোধিতার জন্ম হলে বৃহত্তর স্বার্থে তা ভূলে যেতে হবে। দেশের স্বাধীনতা সুসংহত করতে নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতেই হবে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে যে একজনকে বিরোধী দলীয় জোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে তা অনভিপ্রেত। এ মনোনয়ন উদ্দেশ্য প্রনোদিত, চ্যালেঞ্জপূর্ণ, দূরভিসন্ধি ও ষড়যন্ত্রমূলক। এই অপচেষ্টাকে প্রতিরোধ করতে হবে, মোকাবেলা করতে হবে। যেকোন মূল্যে জোট-মহাজোটের মনোনীত প্রার্থীদের পিরোজপুরের তিনটি আসনসহ সারা দেশে বিজয়ী করে আনতে হবে।
প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের আগে দলীয় নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনে মহাজোটের প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ সভাপতি পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট চন্ডী চরণ পাল এবং আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজসহ ৩তিনটি সংসদীয় আসনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial