প্রধান সূচি

স্বরূপকাঠীতে এসএসসি’র ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

স্বরূপকাঠী উপজেলায় এসএসসি ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে কয়েকটি বিদ্যালয়ের বিরুদ্ধে। এবারে ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে বোর্ডের কড়াকড়ি নিয়ম থাকালেও শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরন করতে বাধ্য হচ্ছে।

জানা গেছে, এবারের এসএসসি ফরম পূরনে ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি সহ মানবিক শাখায় নিয়মিত ১,৬৩০ টাকা, অনিয়মিত ১,৭৩০ টাকা, বিজ্ঞানে নিয়মিত ১,৭২০ টাকা অনিয়মিত ১৮২০ টাকা এবং ব্যবসা শাখায় নিয়মিত ১,৬৩০ টাকা ও অনিয়মিত ১,৭৩০ টাকা ধার্য করা হয়েছে। অথচ উপজেলার ৬৯টি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা নিয়ে ফরম পূরন  করেছে বলে অভিযোগ রয়েছে।

কোচিং ফি, কল্যাণ তহবিল, জরিমানাসহ নানা ফি এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে এ অর্থ নেয়া হচ্ছে। নিরুপায় হয়ে সন্তানদের কথা চিন্তা করে অভিভাবকরা বাধ্য হয়েই প্রতিষ্ঠান প্রধানদের চাহিদা মাফিক টাকা দিয়েছেন। অপরদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও জরিমানা দিয়ে ফরম পূরন করেছে। বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা বলেছেন যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির আলোচনা সাপেক্ষে ওই সব শিক্ষার্থীদের ফরম পূরন করার সুযোগ দেয়া হয়েছে। তবে বোর্ড নির্ধারিত ফি ব্যাতিরেকে তারা শিক্ষার্থীদের কাছ থেকে কোন অতিরিক্ত ফি নেন নি বলে জানান। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। পরিচয় গোপন রেখে কথা হয় অলংকারকাঠি এমআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার বড়ালের সাথে। তিনি মোবাইল ফোনে জানান, কোচিং ফি সহ ৪ হাজার টাকা করে ফরম ফিলাপ করা হচ্ছে। আর এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ওই নির্ধারিত টাকা ছাড়া বিষয় প্রতি ২০০ টাকা করে নেয়া হচ্ছে। সাংবাদিক পরিচয় দিয়ে পূনরায় জিজ্ঞাস করা হলে তিনি বলেন, আমরা বোর্ড নির্ধারিত ফি ছাড়া কোন বাড়তি ফি নিচ্ছিনা। যা কিছু হয়েছে পরিচালনা পর্রষদের সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। অনিয়ম কিছুই হয়নি। পূনরায় মোবাইল ফোনে প্রাথমিক পর্যায়ে তার স্বীরোক্তির কথা মনে করিয়ে দিলে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলে রিপোর্ট করার জন্য এ শিক্ষক অনুরোধ করেন।

উপজেলার আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফরম পূরনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, এবছর ওই বিদ্যালয় থেকে সাধারণ শাখায় ৪২ জন শিক্ষার্থী ৩ হাজার ৮ শত টাকা থেকে ৪ হাজার টাকা দিয়ে ফরম পূরন করেছে। সন্তানের কথা চিন্তা করে নাম পরিচয় গোপন রেখে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক এমন অভিযোগ করেছেন। এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে না পেয়ে অফিসের ক্লার্ক এর সাথে কথা হলে তিনি বলেন ফি নেয়ার ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। সব প্রধান শিক্ষক জানেন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মোহেব্বুল্লাহ বলেন, অতিরিক্ত ফি এর ব্যাপারে আমরা কিছু বলতে পারবোনা। প্রধান শিক্ষক আমাদের কিছুই বলেন নি।

এ ব্যাপারে মোবাইল ফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল আলমকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন বোর্ড নির্ধারিত ফি ছাড়া কোন বাড়তি ফি নেন নি বলে লাইন কেটে দেন।

সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান অতিরিক্ত ফি নিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণ করেছেন। ওই স্কুলেও একই হারে টাকা নিয়ে ফরম পূরণ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। প্রধান শিক্ষক মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, কারো কাছ থেকে কোন অতিরিক্ত ফি নেয়া হয়নি।

নানা ফি এর নামে এভাবে উপজেলার চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়, কুড়িয়ানা আর্য সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়, দৈহারি ইউআরকে মাধ্যমিক বিদ্যালয়, উড়িবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায় করে ফরম পূরণ সম্পন্ন করেছেন বলে অভিযোগে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, আমার অন্যত্র বদলি হয়েছে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, বিষয়টি তথ্য সহকারে দুদককে অবগত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial