ইন্দুরকানীতে ঘুরতে এসে স্থানীয়দের হামলায় দম্পতিসহ আহত ৪
ইন্দুরকানীতে ঘুরতে গিয়ে স্থানীয়দের হামলায় এক দম্পতি ও তার পরিবারের লোকজনসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। শনিবার বিকেলে ইন্দুরকানী গ্রামের নাজিমুদ্দিন ও তার স্ত্রী মীম কচাঁ নদীর পাড়ে ঘুরতে যায়। এসময় একই গ্রামের রেহেনা বেগম ও তার ছেলে রুবেল তাদের পরিচয় জানতে চায়। ওই দম্পতির সাথে অশালীন আচরণ করে এবং উভয় পক্ষের কথার কাটাকাটির এক সময় গৃহবধূ মীমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
পরদিন রবিবার সকালে নাজিমুদ্দিন ও তার ছোট ভাই নাইমসহ তিন জন আবারও ওই এলাকায় ঘুরতে গেলে উভয়ের মধ্যে আবারও বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায় উভয় পক্ষ হামলায় জড়িয়ে পড়লে নাইম, মীম, কলি ও রেহেনা আহত হয়। গুরতর আহত নাইমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষ ইন্দুরকানী থানায় পৃথক লিখিত অভিযোগ করেন।
গৃহবধূ মীম জানান, শনিবার বিকেলে আমি ও আমার স্বামী ঘুরতে গেলে রেহেনা বেগম ও তার ছেলে কোন কারণ ছাড়াই আমাদের সাথে খারাপ ব্যবহার করে ও আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়।
অভিযুক্ত রেহেনা জানান, রবিবার সকালে আমাদের বাড়িতে এসে লুৎফরের ঘরের দরজা ভেঙ্গে আমাদের উপর হামলা চালায়। আমরা এসময় প্রতিরোধ করি। তবে কাউকে আহত করিনি।
ইন্দুরকানী থানার এস. আই মো. আজিজুল বারী জানান, হামলার ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
