পূর্ব বিরোধের জের
স্বরূপকাঠিতে বৃদ্ধ দম্পত্তিকে গাছের সাথে বেধে নির্যাতন
স্বরূপকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের স্ত্রী নার্গিস পারভিনকে গাছের সাথে বেধে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। বিচারের দাবীতে সন্তানরা দ্বারে দ্বারে ঘুরছেন।
থানায় অভিযোগ দিলেও কোন ফল পাচ্ছে না বলে তার বড় সন্তান মোঃ নাঈমুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে ঠুনকো মিথ্যা অভিযোগ তুলে গত ২০ সেপ্টেম্বর সুটিয়াকাঠি গ্রামে ওই ঘটনা ঘটে।
বিবরনে জানা গেছে, ঘটনার দিন ভোরে ফজরের নামাজের জন্য নার্গিস পারভিন ঘরের পাশে ওজু করতে বের হন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা প্রতিবেশি কালামের ছেলে লিমন এবং প্রতিবেশি খোরশেদ এর ছেলে কালাম, মোস্তফা নার্গিস পারভিনের মুখ চাপটে ধরে চোর চোর বলে চিৎকার করে তাদের রান্না ঘরের পাশে নিয়ে যায়। এসময় ডাকচিৎকারে পাশের অন্যন্যে প্রতিবেশিরা বেরিয়ে আসলে তাদের সামনে নার্গিসকে গাছের সাথে বেধে মারধর করে। নার্গিসের আর্তনাদ শুনে তার স্বামী আব্দুল হালিম ছুটে আসলে তাকেও (হালিম) অভিযুক্তরা পিঠ মোচড় দিয়ে ধরে রেখে বেদম প্রহার করতে থাকে। পরে খবর পেয়ে গ্রামের কিছু লোক ছুটে এসে ওই বৃদ্ধ দম্পত্তিকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যেরত ডাক্তার তাদের ভর্তি দিয়ে চিকিৎসা করেন।
ওই বৃদ্ধ দম্পত্তির বড় ছেলে মোঃ নাঈমুর রহমান জানান, প্রতিবেশি হাসেম আলী গডুর ছেলে ফরিদ ও ফুয়াদ সর্বদা তাদের অনিষ্ট কামনা করে ক্ষতি সাধনের পায়তারা চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে তাদেরই ইন্ধনে লিমন, কালাম মোস্তফা, মিঠু সহ সংঙ্গবদ্ধ ওই লোকেরা তাদের পিতা মাতার উপর এ অমানবিক নির্যাতন চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে বিচারের আশায় সমাজপতিদের কাছে ধর্না দিয়ে যাচ্ছি।
