মঠবাড়িয়ায় ২০ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন আবাদের সম্ভাবনা
চলতি আমন মৌসুমে মঠবাড়িয়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ২০ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন আবাদের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল ৫ হাজার ৬৩০ হেক্টর ও স্থানীয় জাতের ১৪ হাজার ৫৪০ হেক্টর। ইতোমধ্যে কৃষকরা ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বিজ আবাদ করেছে। এছাড়া স্থানীয় জাতের আমন ধানের বিজ ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর উচ্চ ফলনশীল জাতের আমন ৫ হাজার ৬৩০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্য মাত্রা থাকলেও ইতোমধ্যে তা অতিক্রম করে ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এবং স্থানীয় জাতের আমন ধানের বিজ ১৪ হাজার ৫৪০ হেক্টর এর সম্ভাবনা থাকলেও কৃষকরা ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে আবাদ করেছে। বাকী ২ হাজার ৫৪০ হেক্টর জমি আগামী সপ্তাহের মধ্যে রোপন কার্যক্রম শেষ হবে। আবাদকৃত ১২ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে পৌরসভায় ১১৫ হেক্টর, তুষখালী ইউনিয়নে ১১৮০ হেক্টর, ধানীসাফায় ১৪৮৫ হেক্টর, মিরুখালীতে ১০৬০ হেক্টর, দাউদখালীতে ১৭৫৫ হেক্টর, মঠবাড়িয়া সদর ইউনিয়নে ১২৩৫ হেক্টর, টিকিকাটায় ১৮৮৩ হেক্টর, বেতমোর রাজপাড়া ইউনিয়নে ১৭৮১ হেক্টর, আমড়াগাছিয়ায় ২০২৫ হেক্টর, সাপলেজায় ৩১৯০ হেক্টর, গুলিসাখালীতে ১৭২০ হেক্টর ও বড়মাছুয়ায় ৮৪০ হেক্টর জমি।
মঠবাড়িয়া সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ.কে.এম. মহসিন উদ্দীন জানান, আবহাওয়া অনূকূলে থাকলে এ বছর আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামন জানান, বিগত বছরের চেয়ে এবছর মঠবাড়িয়াতে আমনের উচ্চ ফলনশীল জাত বৃদ্ধি পেয়েছে। স্থানীয় জাতের চেয়ে উচ্চ ফলনশীল ব্রি-ধান ৭৬-৭৭ এলাকায় আবাদ করা গেলে কৃষকরা দ্বিগুণ ফলন পাবে।
