পিরোজপুরে গাড়ী বহরে হামলা ও গুলির ঘটনায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিবের থানায় এজাহার
পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়ি বহরে হামলা ও গুলি বর্ষনের ঘটনায় থানায় এজাহার দায়েরের উদ্দেশ্যে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। শেখ এ্যানী রহমানের স্বামী এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান বাদী হয়ে বুধবার রাত ১১টা ২৫ মিনিটে পিরোজপুর সদর থানায় এ অভিযোগ দাখিল করেন। সদর থানার এএসআই ও ডিউটি অফিসার নাইমুর রহমান স্বাক্ষর করে এজাহারের জন্য দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন।
অভিযোগ পত্রে শেখ হাফিজুর রহমান বলেছেন, তিনি তার স্ত্রী শেখ এ্যানী রহমানসহ নিজ বাসভবন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ৫০ খানা মাইক্রোবাস ও এক হাজার মটর সাইকেল সহকারে পিরোজপুরে আসার পথে শহরের শিকারপুর এলাকার দামোদর ব্রীজের উত্তর পাশে, বিলাশ হোটেলের মোড় ও অবকাশ হোটেলের মোড়ে তার গাড়ি বহরে তিন দফা হামলা ও গুলি বর্ষনের ঘটনা ঘটে। এসময় মুখোঁশধারী ও মাথায় হেলমেট পড়া অবস্থায় অজ্ঞাত হামলাকারীরা রাম দা, হকিষ্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়ি বহরে হামলা করে এবং গালিগালাজ করে। এসময় তারা বাদীর স্ত্রী পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি বর্ষন করে। এক পর্যায়ে এ্যানী রহমানসহ অন্যদের জীবন বাঁচাতে তিনি (শেখ হাফিজুর রহমান) নিজের পিস্তল থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন। এছাড়া অবকাশ হোটেলের মোড়ে তার সাথে থাকা বেসরকারী নিরাপত্তাকর্মীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
অভিযোগে বলা হয় শেখ এ্যানী রহমানকে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনার দিন তিন স্থানে হামলা করে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক অভিযোগপত্র দাখিলের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত করছেন এবং তা পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, মঙ্গলবার রাতের গুলিবর্ষনের ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে থানায় জিডি করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
