স্বরূপকাঠিতে আওয়ামী লীগের একাংশের বিক্ষোভ মিছিল
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মালেক এর বিরুদ্ধে অপপ্রচার চালানো চেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের একাংশ। বুধবার সন্ধ্যায় স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্বরূপকাঠি উপজেলা সদরের বন্দর থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
সেখানে নেতা কর্মীরা পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনায়ন প্রার্থী পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেকের জনপ্রিয়তার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
জানা যায়, গত মঙ্গলবার রাতে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনায়ন প্রার্থী শেখ এ্যানী রহমানের সমর্থকরা মোটর সাইকেল বহর নিয়ে জেলা শহরের অবকাশ মোড় হয়ে তার বাস ভবনের সামনে আসছিলো। এ সময় হঠাৎ করে রহস্যজনকভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষনের ঘটনা ঘটে। এতে শহরে আতঙ্ক সৃষ্টি হয়। এর আগে টাউন ক্লাবের সামনে একই রকম ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক রাখেন।
