স্বরূপকাঠীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ
স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশীদ অশ্বথুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদারের বিরুদ্ধে। সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার ক্ষমতার দাপট দেখিয়ে অভিভাবক সদস্যদের প্রভাবিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার আকাঙ্খায় এ অপচেষ্টা চালাচ্ছেন। গত শনিবার ওই বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক সদস্যসহ দাতা সদস্য তপন লিখিত আকারে এ অভিযোগ করেন। চেয়ারম্যানের অযৌক্তিক প্রভাব বিস্তারের কারনে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় ব্যাঘাত সৃষ্টিসহ পরিবেশ বিঘিœত হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য বিষয়টির সুষ্ঠ সমাধানের জন্য বিদ্যালয়ের অভিভাবক সদস্যসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
সদস্যদের অভিযোগ গত ২৬ আগষ্ট অভিভাবকদের ভোটে ৯ জন সদস্য নির্বাচিত হন। অভিভাবক সদস্যদের অভিযোগ সদস্য নির্বাচিত হওয়ার পর তারা প্রিজাইডিং অফিসারের সভাপতিত্বে গত ৩০ আগষ্ট বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় একজন সদস্য প্রতিনিধি ছাড়া বাকিরা উপস্থিত থাকলেও চেয়ারম্যান সবুর তালুকদার ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সহায়তায় একটা হট্টগোল সৃষ্টি করে সভা পন্ড করেন। পরে সভার সম্মতিক্রমে গত শনিবার সকালে বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে পূনরায় সভা আহবানের ঘোষণা আসে। ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার বিদ্যালয়ের সভাপতি পদে আসিন হওয়ার জন্য ৩১ আগষ্ট রাতে সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে ভয়ভীতি প্রদর্শদন করে তাকে সমর্থনের জন্য হুমকি দিয়ে আসেন। ঘোষণা অনুযায়ী শনিবার প্রিজাইডিং অফিসার ছাড়া বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে পূনরায় সভা বসে। সেখানে চেয়ারম্যান সবুর তালুকদার পূর্বপরিকল্পিতভাবে বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য অপচেষ্টা শুরু করেন। তারা জানান, সবুর তালুকদার ওই ইউনিয়নের দুটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে রয়েছেন। সে নিয়ম বহিভূর্তভাবে শশীদ অশ্বথুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আসতে সদস্যদের প্রভাবিত করে যে পাঁয়তারা চালাচ্ছেন তা সম্পূর্ন বিধি-বিধান পরিপন্থী।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার বলেন, শান্তি-শৃঙ্খলাভাবে শনিবার বিদ্যালয়ে একাংশ অভিভাবক সদস্যর সম্মতিক্রমে আমি সভাপতি পদে নির্বাচিত হয়েছি।
সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. হুমাউন বেপারী বলেন, চেয়ারম্যান সবুর তালুকদার অগণতান্ত্রিকভাবে প্রভাব বিস্তার করে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদে আসতে পাঁয়তারা চালাচ্ছেন। বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কাছে আমরা হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, আইনতভাবে চেয়ারম্যান সবুর তালুকদার যদি কমিটিতে আসতে পারে তাহলে সে সভাপতি হবে।
