পিরোজপুরে জমে উঠেনি কোরবানীর পশুর হাট
পিরোজপুর জেলা শহরের কোরবানীর পশুর হাট আজ রবিবারও জমে উঠেনি। তবে আশা করা যাচ্ছে কাল সোমবার থেকে শহরের বলেশ্বর ব্রীজ সংলগ্ন কোরবানীর এ হাট জমে উঠবে। গতকাল বরিবার বিকেলে হাটে গিয়ে দেখা গেছে খুবই অল্প সংখ্যক গরু-ছাগল এসেছে। তবে রবিবার এ হাটে সবেচেয়ে বড় গরুর দাম হাকা হয়েছে দুই লাখ টাকা।
হাটে কোরবানীর গরু কিনতে আসা ক্রেতা পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন জানান, এখনও হাটে তেমন গরু আসেনি। তাই হাটে এসেও আজ গরু কিনতে পারি নি। তিনি জানান, সোমবার পাঁচপাড়ার হাট থেকেই গরু কিনতে হবে।
হাটের ইজারাদার আজাদ আল শুভ জানান, রবিবার কোরবানীর পশু কম আসলেও সোমবার থেকে প্রচুর গরু-ছাগল উফবে হাটে। তিনি জানান, রাতের মধ্যেই নড়াইল, যশোর, সাতক্ষিরাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গরু বোঝাই ট্রাক এ হাটে চলে আসবে।
কোরবানীকে সামনে রেখে পিরোজপুর জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় এবছর ১০ থেকে ১২টি গরুর হাট বসেছে। এর মধ্যে জেলার সদর উপজেলার পাঁচপাড়া, চলিশা, ভান্ডারিয়ার শিয়ালকাঠী এলাকায় সপ্তাহে দুই দিন বসে পশুর হাট। এছাড়া ঈদুল আজহাকে সামনে রেখে জেলা শহরের বলেশ্বর ব্রীজ সংলগ্ন সিআইপাড়া এলাকাসহ জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে বসেছে অস্থায়ী পশুর হাট।
এদিকে, শনিবার জেলার ভান্ডারিয়া উপজেলার পোনা নদীর পাড়ের শিয়ালকাঠী এলাকার গরুর হাটে প্রচুর কোরবানীর পশুর সমাগম হয়।
কাল সোমবার পিরোজপুর সদর উপজেলা ঐতিহ্যবাহী পাঁচপাড়ায় গরুর হাট রয়েছে। এ হাট থেকেই বেশীরভাগ ক্রেতা তাদের পছন্দসই কোরবানীর পশু কিনবেন বলে ধারণা করা হচ্ছে।
