মোড়েলগঞ্জে বৃদ্ধ পিতাকে জবাই করে হত্যা
বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউনুচ হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ পিতাকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেছে তার বড় ছেলে লাল মিয়া হাওলাদার।
শনিবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আলির বাজার গ্রামের এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইউনুচ হাওলাদার ওই গ্রামের মৃত রাসেদ হাওলাদারের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম হাওলাদার বাচ্চু জানান, নিহত ইউনুচ হাওলাদারের ২ ছেলে ২ মেয়ের মধ্যে ঘাতক লাল মিয়া হাওলাদার বড়। সে ২য় বিবাহ করেছেন। এই নিয়ে কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল তাদের বাড়ির একটি রান্না ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। এনিয়ে পিতা-পুত্রের মধ্যে ঝগড়াঝাটির ঘটনা ঘটে। পরে সকালে ঘুমন্ত অবস্থায় পিতা ইউনুচ হাওলাদারকে হত্যা করে ঘাতক ছেলে লাল মিয়া হাওলাদার রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় ঘাতক ছেলে লাল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ^াস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহায়তায় ঘাতককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
