দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে
পিরোজপুরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা
স্বচ্ছতা, সঠিক নেতৃত্ব, আত্মমর্যাদা বোধ, জনগণের প্রতি অঙ্গীকার স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত রাখতে পারে। সরকারি কর্মকর্তারা নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের দুর্নীতিতে উৎসাহিত না করলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কখনই বিস্তার লাভ করে না। স্থানীয় ভাবে গৃহীত উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নে অডিট প্রথা তথা জবাবদিহিতা জোরদার করাও জরুরী। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পিরোজপুরে অনুষ্ঠিত নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এ আলোচনা সভা পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, টোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, কলাখালী ইউপি চেয়ারম্যান মোঃ দিদারুজ্জামান শিমুল, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম মধু ও সাদুল্লাহ লিটন, কদমতলা ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও রিপা বেগম, শংকরপাশা ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম। দেশব্যাপী গত ২৬ মার্চ থেকে দুর্নীতি দমন কমিশন কর্তৃক পালিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের অংশ গ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
