পিরোজপুর সরকারি মহিলা কলেজে বসন্ত বরণ উৎসব পালিত
শুকনো পাতায় ভর করে আমাদের মাঝে এসেছে ঋতুরাজ বসন্ত। ফাল্গুন ও চৈত্র মাসের ভিতর লুকিয়ে আছে বসন্ত ঋতু। তবে অনুভবের জায়গা থেকে বলতে গেলে শুধু ফাল্গুন মাসের কথাই বলতে হবে। মঙ্গলবার ছিলো বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন। এ উপলক্ষে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা আয়োজন করে বসন্ত বরণ উৎসব।
এ দিন কলেজের তরুণীরা বাসন্তি রঙের শাড়ি আর মাথায় হলুদ ফুল দিয়ে নিজেরদের নুতন করে সাজিয়ে বরণ করে বসন্তকে। উৎসবের শুরুতে কলেজ অধ্যক্ষ সাইফুদ্দিনের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান ও আবু ইসাহাক, সহকারী অধ্যাপক এ কে এম মাহাবুবুর রহমান প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম।
