পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পিরোজপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন (২০১৮-২০২০) অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে পিরোজপুর ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেন, আপনারা বিগত সকল সময়ের নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করেছেন। অদ্যকার সভায় আপনারা পুনরায় আগামী ২০১৮-২০২০ (তিন বছর) মেয়াদী একটি ৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করবেন। আপনারা প্রত্যেকই ইউনিট নির্বাহী কমিটির সদস্য হওয়ার যোগ্য। কিন্তু রেড ক্রিসেন্ট এর নীতিমালা মোতাবেক মাত্র ৭ জন সদস্যকে নির্বাচিত করার সুযোগ রয়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিট নির্বাহী কমিটির সেক্রেটারী এডভোকেট সৈয়দ মোঃ শাহ আলম। তিনি বলেন, আমরা নানা মতের মানুষ স্বাধীনতার পর হতে আজ পর্যন্ত অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে নিরপেক্ষ ভাবে রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটে সেবা দিয়ে আসছি। আমরা প্রত্যেকে বিভিন্ন আদর্শ লালন করতে পারি কিন্তু এখানে রেড ক্রিসেন্ট আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন ছাড়া কোন সুনির্দিষ্ট বা ব্যক্তিগত আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের চিন্তা আমরা লালন করি না। তিনি সদস্যবৃন্দের বক্তব্যের জবাবে বলেন, বার্ষিক সাধারণ সভার নোটিশ ডাকযোগে সদস্যবৃন্দের কাছে পাঠানো সোসাইটির নির্দেশ রয়েছে। তারপরও আমরা স্থানীয় পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি এবং মাইকিং এর মাধ্যমে সভায় যোগদানের অনুরোধ জানাই। সকল সদস্যকে ফোন অথবা মোবাইলের মাধ্যমে সংবাদ পোঁছানোর ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ইউনিটের সকল কর্মকান্ডে আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের কাম্য থাকবে।
সভায় ৭ সদস্য বিশিষ্ট জেলা ইউনিট কমিটি গঠন করা হয়। এরা হলেন, ভাইস-চেয়ারম্যান মিসেস লায়লা পারভীন, সেক্রেটারী এডভোকেট সৈয়দ মোঃ শাহ আলম, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল এম পি, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার এম এ রব্বানী ফিরোজ, এন.এম খালেদ রবি, নূরুল হুদা আলম।
