পিরোজপুরে পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স দেখাবে … নবাগত পুলিশ সুপার
পিরোজপুরে যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর বলেছেন, পিরোজপুরে পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স দেখাবে। মাদক সেবন ও মাদক ব্যবসায় কোন ছাড় দেয়া হবে না। পাশাপাশি এ জেলা থেকে জঙ্গীবাদ সন্ত্রাসবাদ দূর করা হবে।
তিনি বলেন, পিরোজপুর জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী আরো সচেষ্ট থাকবে। সেক্ষেত্রে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও পুলিশকে সহযোগিতা করতে হবে।
পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতার ও ইউএনবি প্রতিনিধি মাহামুদ হোসেন, বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী, ডেইলী অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, সংবাদ প্রতিনিধি এ কে আজাদ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি খালিদ আবু, দৈনিক পিরোজপুরের কথা’র সম্পাদক জহিরুল হক টিটু, দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভির প্রতিনিধি শিরিনা আফরোজ, দৈনিক পিরোজপুর কথা’র নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, ডেইলী ষ্টার প্রতিনিধি হাবিবুর রহমান, সাপ্তাহিক পিরোজপুরের খবর এর নির্বাহী সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, মোহনা টিভির প্রতিনিধি এইচ এম জুয়েল প্রমুখ।
এ সময় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পেশাগত কাজে সহযোগিতা এবং নিরাপত্তা দিতে পিরোজপুর পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। 
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে পুলিশ। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হবে। পিরোজপুরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করা হবে।
তিনি বলেন, লাইসেন্সবিহীন মটর সাইকেলের মাধ্যমে মাদক দ্রব্য বহন, বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বেশী পরিচালিত হচ্ছে। তাই পিরোজপুরে লাইসেন্সবিহীন মটর সাইকেলসহ অবৈধ কোন যানবাহন চলতে হবে না। লাইসেন্স করার জন্য তাদের প্রথমে নির্দিষ্ট সময় দেয়া হবে। নির্দিষ্ট সময় শেষে লাইসেন্সবিহীন মটর সাইকেল ও অন্যান্য যানবাহন আটক অভিযান শুরু করা হবে।
পুলিশ সুপার বলেন, পিরোজপুরের প্রতিটি থানার ওসিদের ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে যে, থানায় যারা আসেন তাদের যেন সর্বোচ্চ সেবা দেয়া হয়। কোন নির্দোষ ব্যক্তি যেন কোন ভাবে হয়রানীর শিকার না হয়। সাধারণ ডায়রী করতে আসা লোকজনের কাছ থেকে যেন কোন প্রকার অর্থ আদায় করা না হয়।
