পাইকগাছা উপজেলা বিএনপি’র ৩ নেতার মুক্তিলাভ
প্রায় এক মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়কসহ ৩ নেতাকর্মী। বুধবার সকাল ৯টার দিকে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিপান উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, ১নং যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এবং সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাবুরাবাদ গ্রামের বাড়ী থেকে কয়রা থানা পুলিশ আটক করেন কয়রা উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ মোমরেজুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের ভাই জাহিদুল বারি রনি, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, ১নং যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এবং সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ সহ বিএনপি’র ৯ নেতাকর্মীকে। পরে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগ এনে আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় নাশকতার মামলা করেন, যার নং- ২।
এ মামলায় আটককৃতদের জেল হাজতে পাঠালে আসামীদের পক্ষ থেকে প্রথমে খুলনার জজ কোটে জামিন ধরলে একমাত্র এ্যাডঃ মোমরেজুল ইসলামের জামিন হয়। পরবর্তীতে বাকী আসামীরা পৃথক পৃথক ভাবে উচ্চ আদালতে জামিনের আবেদন করলে গত ২২ নভেম্বর পাইকগাছার ৪ নেতাকর্মী উচ্চ আদালতে জামিন লাভ করে।
