বাগেরহাটে অতিথি পাখি উদ্ধারের পর অবমুক্ত
বাগেরহাটের চিতলমারীতে অভিযান চালিয়ে ৪৫টি অতিথি পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। রবিবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৪৫টি অতিথি পাখি উদ্ধার করে তা অবমুক্ত করেছে।
জেলা ডিবি পুলিশের ওসি মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবারসন্ধ্যায় চিতলমারীর নালুয়া বাসস্ট্যান্ডে ঢাকাগামী ফাল্গুনি পরিবহনে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ওই বাসের ছাদের উপর থেকে একটি বস্তাবন্দি অবস্থায় ৪৫টি অতিথি পাখি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি বিক্রেতা পালিয়ে যায়। পাখিগুলো রাজধানীতে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, শীতের শুরুতে সুদূর সাইব্রেরিয়া ও হিমালয় সংলগ্ন অন্যান্য দেশ থেকে খাদ্য ও আশ্রয়ের সন্ধানে আসতে শুরু করেছে অতিথি পাখি। বাগেরহাটের চিতলমারী এলাকার বিভিন্ন খাল, বিল, জলাশয়ে আশ্রয় নিচ্ছে তারা। আর এ সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু শিকারীরা ফাঁদ ও জাল দিয়ে পাখি শিকার করে বিক্রি করছেন বিভিন্ন হাট-বাজারে।
