মঠবাড়িয়ায় পিএসসি পরীক্ষা
শিক্ষকদের বিরুদ্ধে প্রশ্নপত্রে উত্তর লিখে দেয়ার অভিযোগ!
জেলার মঠবাড়িয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৬৩নং দক্ষিণ ঘোষের টিকিকাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্রে উত্তর লিখে দেয়ার অভিযোগ উঠছে কেন্দ্র পরিদর্শক শিক্ষকদের বিরুদ্ধে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত সরকারী কর্মকর্তাকে ম্যানেজ করে কেন্দ্র সচিব ইংরেজী পরীক্ষার প্রশ্নপত্রে টিক, ছক মিলানো, রি-এ্যারেঞ্জসহ অধিকাংশ উত্তর লিখে দেন।
সরেজমিনে গিয়ে ওই পরীক্ষা কেন্দ্রের ১২টি বিদ্যালয়ের ২২৯ জন শিক্ষার্থীর অধিকাংশের প্রশ্নে উত্তর লেখা দেখা যায়।
এ বিষয়ে কেন্দ্রের সচিব এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল মিয়া দাবী করে বলেন শিক্ষাথীরা নিজেরাই প্রশ্নপত্রে উত্তর লিখে নিয়েছে।
প্রশ্নপত্রে উত্তর লেখার বিষয়ে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেমায়েত উদ্দিন বলেন, শিক্ষার্থীরা বাসায় মিলানোর জন্য প্রশ্নপত্রে টিক চিহ্ন দিয়েছে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁস ও দায়িত্বে অবহেলার কারনে ১০২নং উপজেলার গুলিসাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মিত্রকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, প্রশ্নপত্রের লেখা বেআইনী। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
