বাগেরহাটে বাসের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু
বাগেরহাটে বাসের ধাক্কায় আক্কাস ফকির (৩৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাটের ফুলবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত আক্কাস ফকির বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা কাঁচা সবজিবাহী নছিমনকে ধাক্কা দেয়। এসময় বাসের ধাক্কায় নছিমনের চালক আক্কাস ফকির ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আক্কাস সকালে শ্রীঘাট সবজি আড়ৎ থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে নিয়ে নিজে নছিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাগেরহাটের বিভিন্ন হাটবাজারে ঘুরে সবজি বিক্রি করে সংসার চালাতেন। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে ফেলে রেখে চালক ও তার সহকারি পালিয়ে গেছে।
