সুন্দরবনে কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত
সুন্দরবনের কর্মকর্তাসহ চার জনকে সাময়িক বরখান্ত করেছে সুন্দরবন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহমুদল হাসান তাদের সাময়িক বরখাস্ত করেন।
তিনি জানান, সুন্দরবনের নিষিদ্ধ নদী খালে অর্থের বিনিময়ে জেলেদের মাছ শিকারে সহায়তা করার অভিযোগে এই চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বনবিভাগের তদন্তে ওই চারজনের বিরুদ্ধে সত্যতা মেলায় বনবিভাগ তাদের বিরুদ্বে এ ব্যবস্থা গ্রহণ করেছে।
বরখাস্তরা হলেন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ নুরুজ্জামান, বন প্রহরী কাউয়ুম শেখ, (এফজি) নৌকা চালক (বিএম) সাইফুল ইসলাম ও আব্দুর রব।
সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহমুদল হাসান বলেন, গত ১ নভেম্বর সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মাছ শিকারের জন্য নিষিদ্ধ আন্ধারিয়া খালে পাঁচটি জেলে নৌকা প্রবেশ করে মাছ শিকার করছিল। এসময় বনবিভাগের দায়িত্বরত কর্মীরা এরমধ্যে দুটি নৌকাকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মেহেদী জামানকে ঘটনা তদন্ত করতে নির্দেশ দেই। তদন্তে চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানসহ চারজনের সম্পৃক্ততা পেয়ে গত ৮ নভেম্বর তাদের বিরুদ্ধে একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে চারজনকে সাময়িক বরখাস্ত করে তাদের কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলারও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
