পিরোজপুরে শুরু হলো চলচ্চিত্র উৎসব ২০১৭
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে পিরোজপুরে শুরু হলো ১৬দিন ব্যাপি চলচ্চিত্র উৎসব-২০১৭। শুক্রবার সন্ধ্যায় একাডেমী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন।
এসময় তিনি বলেন, চলচিত্র মুক্তিযুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করেছে। এটি সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। এই চলচিত্রের মাধ্যমে আমাদের সমাজের ব্যাপক পরিবর্তন ঘটানো সম্ভব। যে যার অবস্থান থেকে যদি সমাজকে ভালো দিকে টিকিয়ে রাখতে পারে, তবে প্রত্যেকটি সেক্টর থেকে দেশকে রক্ষা করা সম্ভব।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা উদিচী শিল্পগোষ্ঠীর সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, সাংবাদিক মাহামুদ হোসেন শুকুর, গৌতম রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব, একাডেমীর কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস, আমিরুল ইসলাম মিরণ প্রমুখ।
একাডেমীর সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজীর তার বক্তব্যে বলেন, স্বাধীনতা মানে সংস্কৃতি। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠা করেছেন। সরকারের বিভিন্ন উদ্দ্যোগ রয়েছে সাংস্কৃতিক অঙ্গনে। সাংস্কৃতিক দিকে থাকলে বর্তমান যুব সমাজকে মাদক থেকে দুরে রেখে বাঁচিয়ে রাখা সম্ভব। শিল্পকলা একাডেমীতে আসেন, আপনারা সঙ্গীত চর্চা করেন, সাংস্কৃতি সমাজকে বাচিয়ে রাখবে।
এসময় তিনি আরো জানান, চলচিত্র উৎসব উপলক্ষে শনিবার থেকে জেলা টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে বিভিন্ন চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
