শতাধিক পরিবারের মানবেতর জীবন যাপন
চিতলমারীতে একটি রাস্তার জন্য ২২ বছর অপেক্ষা!
প্রদীপ মণ্ডল, চিতলমারী :
চিতলমারী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাটনি বাড়ী গ্রাম। থানা থেকে মাত্র ৫শ গজের মধ্যে গ্রামটির অবস্থান। এ গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস। অথচ ২২ বছর বসবাসের পরও ণূন্যতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত এখানকার বাসিন্দারা। ফলে সারা বছরই প্রায় ৬শতাধিক মানুষকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। চিতলমারী উপজেলার সাত ইউনিয়নের সব গ্রামের কম বেশি উন্নয়নের ছোয়া লাগলেও এ গ্রামটিতে এতটুকু উন্নয়ন সাধিত হয়নি। পাটনি বাড়ি খালের পাড়ে মাঠের গা ঘেষে গ্রামটি অবস্থিত হওয়ায় সাড়া বছরই হাটু সমান কাঁদা মাড়িয়ে বাড়ি থেকে বেড়োতে এখানে বসবাসকারিদের। এ গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা কাঁদার কারণে স্কুলে পর্যন্ত যেতে পারেনা। মাত্র দুই কিলোমিটার রাস্তার কারণে এখানকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। শুধু মাত্র রাস্তার কারণে বিবাহযোগ্য মেয়েদেরও ভাল পাত্রের হাতে সম্প্রদান করতে পারছেনা বাবা মা। অন্যদিকে চিতলমারী উপজেলার সাত ইউনিয়নের প্রায় শতভাগ গ্রাম পল্লী বিদ্যুতের আওতায় আসলেও উপজেলা সদরের পাশে থাকা গ্রামটিতে এখন পর্যন্ত বিদ্যুতের আলো পৌঁছায়নি। ফলে বছরের বছর উন্নয়ন বঞ্চিত রয়েছেন শতাধিক পরিবার। তাই এ গ্রামের একটি রাস্তার জন্য গ্রামের বাসিন্দারা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সুদৃষ্টি কামনা করেছেন।
পাটনি বাড়ি গ্রামের বাসিন্দা পত্রিকার হকার আবুল কালাম আজাদ জানান ১৯৯৪ সালে এলাকায় জায়গা কিনে বাড়ি করেছি। দীর্ঘ প্রায় ২২ বছর ধরে স্থানীয় জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ধন্না দিয়ে বেড়ালেও কোন প্রতিকার হয়নি। কয়েকবার আমরা গ্রামবাসি মিলে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের কাছে রাস্তার জন্য আবেদন করলেও কোন ফল হয়নি।
একই এলাকার বাবু বালা, লতিফ খা, সুরত শেখ, ধীরেণ বালা, ভূপেন বসুসহ বেশ কয়েকজন গ্রামবাসি ক্ষোভের সাথে জানান, রাস্তা না থাকায় আমাদের ছেলে মেয়েরা কাঁদা মাড়িয়ে স্কুলেও যেতে পারেনা। শুধু মাত্র রাস্তা না থাকার কারণে বিবাহযোগ্য মেয়েদেয় ভাল সম্মন্ধও আসেনা। বিভিন্ন নির্বাচনের সময় জন প্রতিনিধিরা রাস্তা করে দেওয়ার ওয়াদা করলেও নির্বাচনের পড়ে আর তাদের আর মনে থাকে না।
সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ ইব্রহীম মুন্সী জানান, পাটনি বাড়ী খাল পাড়ের গ্রামের রাস্তা সংস্কার করার জন্য জন্য ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের সভার রেজুলেশনে অন্তর্ভূক্ত করেছি। দ্রুত রাস্তাটি সংস্কার করার চেষ্ট চলছে।
এ ব্যাপারে চিতলমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দিন জানান, এ রাস্তাটি মেরামতের জন্য আমারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। দ্রুতভাবে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
