প্রধান সূচি

জনপ্রতি দেয়া হবে এক লাখ টাকা

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পন করা ১৩২ বনদস্যুকে স্বাবলম্বী করছে সরকার

কামরুজ্জামান, বাগেরহাট :

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পন করা সুন্দরবনের ১২টি বনদস্যু বাহিনীর ১৩২ জন সদস্যকে স্বাবলম্বী করতে অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে।  ২৩ আগষ্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এ টাকা বিতরণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাগেরহাট আসছেন। বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই উপলক্ষে এক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

র‌্যাব-৮ সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ৩১ মে র‌্যাবের কাছে সুন্দরবনের বড় বনদস্যু বাহিনী মাষ্টার বাহিনীর প্রধান ও তার ৯ সহযোগীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে সুন্দরবনের কুখ্যাত সব বনদস্যু বাহিনী গুলো স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। এরপর ১৩ জুলাই বনদস্যু মজনু এবং ইলিয়াস বাহিনীর সদস্যরাও আত্মসমর্পণ করেন। এই নিয়ে গত প্রায় এক বছরে ১২টি দস্যু বাহিনীর ১৩২ জন সদস্য দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে র‌্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করে। এসময় এসব বনদস্যু বাহিনী গুলো পিুল পরিমান আগ্নয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেয়।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান সাংবাদিকদের বলেন, উপকুলীয় বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালীর কয়েক লাখ মানুষ সুন্দরবন ও সাগরের ওপর নির্ভরশীল। মাছ, শুঁটকি, মধু, গোলপাতা, কাঁকড়া ও কাঠ সংগ্রহ করে এরা জীবিকা নির্বাহ করে। এসব পেশার মানুষ সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে থাকে। অথচ বিপথগামী কিছু ব্যক্তি নিজ নামে বাহিনী গড়ে তুলে এই পেশাজীবীদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধ করে আসছিল।

তিনি আরো জানান, সুন্দরবনে র‌্যাবের বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি রয়েছে। গত সাত বছরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যু বাহিনীর সঙ্গে র‌্যাবের অসংখ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। গত চার বছরে সুন্দরবনে র‌্যাব বরিশাল-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬৭ জন জলদস্যু-বনদস্যু নিহত হয়েছে। নিহত ওই দস্যুদের মধ্যে ৩৮জন রয়েছে বাহিনী প্রধান। এ সময়ে দস্যুদের ব্যবহৃত প্রায় ৪শটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং কয়েক হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরই মধ্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বনদস্যুরা অনেকটাই কোনঠাসা হয়ে পড়ে। পরে তারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে আবেদন করলে সরকার তাদের সেই সুয়োগ তৈরি করে দেয়। তারই অংশ হিসেবে গত এক বছরে ১২টি দস্যু  বাহিনীর ১৩২ জন সদস্য আত্মসমর্পন করে।

র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দস্যুবৃত্তি ছেড়ে আতœসমর্পণ করা ১৩২ জনকে সরকার আইনী সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার তাদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এসব বিপথগামীদের পূনবার্সন করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এদের পরিবারের সদস্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও সরকারের রয়েছে। আগামীকাল ২৩ আগষ্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাগেরহাট আসছেন। বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial