সুন্দরবনে ১০ জেলে অপহরন ।। মুক্তিপন দাবী
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে গত দু দিনের ব্যবধানে ৩টি বনদস্যু বাহিনীর সদস্যরা জেলে বহরে হানা দিয়ে মুক্তি পণের দাবিতে কমপক্ষে ১০ জেলেকে অপহরণ করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
অপহৃত জেলেদের মহাজনদের সূত্র জানা গেছে, গত ১৩ ও ১৪ আগষ্ট ভোর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বল বুনিয়া, বগার খাল, কলামূলা এলাকায় বনদস্যু অহিদ বাহিনী, সুমন বাহীনী ও ভাই ভাই বাহিনীর ২২/২৩ জন সদস্য জেলে বহরে পৃথক পৃথক হানা দেয়। এ সময় তাদের হাতে উপজেলার পশ্চিম, উত্তর ও দক্ষিণ রাজাপুর এলাকার জেলে ইছা বয়াতী (২১), টিপু হাওলাদার (১৯), হাসান মিয়া (১৮), রহিম হাওলাদার (১৭), আসাদুল (২৫) ও লাল মিয়া (৩৭) এবং একটি নৌকাসহ ১০ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। দস্যুরা জনপ্রতি এক লাখ টাকা করে চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে অপহৃতদের হত্যা করা হবে বলে হুমকি দেয়। এমন খবরে বন সংলগ্ন এলাকার মহাজন ও জেলে পরিবারগুলোতে আতংঙ্ক দেখা দিয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে পশ্চিম রাজাপুর এলাকার এক মৎস ব্যবসায়ী বলেন, বেশ কিছু দিন ধরে সুন্দরবন দস্যু মুক্ত থাকায় তারা শান্তিতে ব্যবসা-বানিজ্য করে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে একাধিক বাহিনীর আর্বিভাব ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে এ অঞ্চলের জেলে ও মৎস ব্যবসায়ীরা।
এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, বিষয়টি তিনি অবগত আছেন এবং সংশ্লিষ্ট সকল ক্যাম্পে বন রক্ষীদের অবহিত করা হয়েছে।
সুন্দরবনের ধানসাগর নৌ-পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই তৌহিদুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং জিম্মিদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
