পিরোজপুরে সড়ক বিভাগের অভিযান ॥ চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই কিলোমিটার রাস্তার দু’পাশে অবৈধভাবে নির্মিত চার শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা শহরের পিটিআই’র সামনে থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা এবং সিও অফিসের ব্রীজ থেকে টিএন্ডটি অফিসের মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের স্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সোমবার সকালে পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে সিও অফিস মোড়ে সড়কের পাশে অবস্থিত একটি অস্থায়ী বাজারসহ রাস্তার দুই পাশের চার শতাধিক কাঁচা পাঁকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শুরু হলে অবৈধ দখলদারদের অনেকে নিজ নিজ স্থাপনা ভেঙ্গে সরিয়ে নেয়।
উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে খাবারের হোটেল, চায়ের দোকান, ওয়ার্কশপ, ফ্রিজ মেরামতের দোকান, মটর মেকানিকের দোকান, আসবাবপত্রের দোকান, স’মিলের সামনে রাখা কাঠের স্তূপ, পল্ট্রি ড্রেসিং মেশিনের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানর।
সকালে স্কেভেটরের সাহায্যে শুরু হওয়া এ অভিযান কালে সড়ক বিভাগের লোকজন ছাড়াও পুলিশের একটি দল উপস্থিত ছিল। শান্তিপূর্ন ভাবেই উচ্ছেদ কাজ সম্পন্ন হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয় এবং প্রায় এক সপ্তাহ ধরে উক্ত এলাকায় উচ্ছেদের বিষয় মাইকিং করা হয় বলে কর্তৃপক্ষ দাবী করেন। দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় রাস্তার দুই পাশে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। স্থানীয় একটি মহল রাস্তার পাশের সরকারী জায়গায় ঘর তৈরী করে সেগুলো আবার অর্থের বিনিময়ে ভাড়া দিয়ে আসছিল বলেও অভিযোগ রয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানান, রাস্তার পাশের এ ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় রাস্তার দুই পাশে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল।
এদিকে, দু একটি রাজনৈতিক সংগঠনের সাইনবোর্ড থাকায় একাধিক অবৈধ ঘর উচ্ছেদের বাইরে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিও অফিসের মোড়ের অস্থায়ী বাজারের কিছু ব্যবসায়ী এ উচ্ছেদের কারণে আর্থিক ক্ষতিতে পড়েছে বলে তারা জানান। উচ্ছেদের শুরুতে তারা এ বিষয়টি নিয়ে আপত্তি করলেও অভিযানকারীরা তা কর্ণপাত না করে অভিযান অব্যহত রাখে।
