সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :
দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা দায়ের করার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকালে টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত পত্রিকার সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, সহ-সভাপতি ওয়াহিদ হাসান বাবু, সকালেরর খবরের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি একেএম ফয়সাল প্রিন্স, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি হাসান মামুন, সাংবাদিক যুবায়ের আল মামুন, উন্নয়ন কর্মী মইনুল আহসান মুন্না, জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম প্রমুখ।
বক্তারা সাংবাদিক আজমল হকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিতর্কিত ৫৭ ধারা প্রত্যাহারে দাবি জানান।
গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
