মঠবাড়িয়ায় বাবার সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় সোমবার সকালে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শারমিন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী। নিহত শারমিন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের গার্মেন্টস শ্রমিক বাদশা ফরাজীর মেয়ে ও স্থানীয় হাফেজ মোল্লা নেছারিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী।
থানা পুলিশ সোমবার দুপুরে নিহত মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিঠাখালী গ্রামের গার্মেন্টস শ্রমিক বাদশা ফরাজীর প্রথম স্ত্রী ওই ছাত্রীর মা মারা যাওয়ার পর ২য় বিয়ে করে স্ত্রী নিয়ে চট্টগ্রাম বসবাস করছেন। সোমবার সকাল একাকি ঘরে শারমিন সাড়ে ৯টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন জানান, মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার পর ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটের বক্তব্য অনুযায়ী ধারনা করা হচ্ছে বাবার সাথে অভিমান করে শারমিন আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মঙ্গলবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হবে।
