পাইকগাছায় গৃহবধুর মারপিটে শিশু জখম
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় নাছিমা বেগম নামে এক গৃহবধু প্রতিবেশী এক শিশুকে মারপিট করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত শিশু মাসুদ রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
প্রাপ্ত অভিযোগ জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালী গ্রামের আব্দুস সাত্তার গাজীর শিশু পুত্র মাসুদ রানা (০৮) গত শুক্রবার বিকালে পিতার সাথে বাজারে যাওয়ার সময় প্রতিবেশী আয়ুব আলী ময়নার বাড়ির সামনে পৌছালে শুকুর আলী গাজীর শিশু কন্যা সোহাগী মাসুদ রানাকে ইটের টুকরো ছুড়ে মারে। এতে মাসুদ রানা আঘাতপ্রাপ্ত হয়ে সেও একটি ইটের টুকরো সোহাগীকে মারে। এ ঘটনায় আয়ুব আলীর স্ত্রী নাছিমা বেগম ও শুকুর আলী গাজী ছুটে এসে মাসুদকে ধমক দেয়। এক পর্যায়ে আয়ুব আলীর স্ত্রী নাছিমা বেগম মাসুদ রানাকে ধরে পাথরের উপর আছাড় দেয়। এতে শিশু মাসুদের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন আহত মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাসুদের মা সালমা বেগম বাদী হয়ে প্রতিপক্ষ নাছিমা ও শুকুর আলীকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে।
বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানা পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শিশু মাসুদের পরিবার।
