প্রধান সূচি

পাখির জন্য নিরাপদ বাসা

পাইকগাছা প্রতিনিধি :

পাখি সংরক্ষণে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছা উপজেলার বিভিন্ন গাছ-গাছালিতে মাটির হাড়ি ও কলস স্থাপন করে পাখিদের নিরাপদ আবাসস্থল করা হচ্ছে। ঝড়-বৃষ্টিতে পাখির বাসা ভেঙ্গে যায়। পড়ে যায় ডিম ও বাচ্চা। পাখিরা ডিম, বাচ্চা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে। এ অবস্থা থেকে সুরক্ষা করতে এবং পাখিদের নিরাপদ বাসা তৈরী করার জন্য গাছে মাটির হাড়ি, কলস স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া পাখি শিকার না করার জন্য জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাখিদের জীবন আজ হুমকির মুখে। বাংলাদেশে প্রায় ৬৫০ প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে পরিয়াযী পাখির সংখ্যা ২শ’ থেকে ৩শ’। দেশী পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ৪৭ প্রজাতির দেশী পাখি আজ মহাবিপন্ন। পাখির আবাসস্থল ধ্বংস, বন উজাড়, বৃক্ষনিধন, জলাভূমি দখল, কৃষিতে রাসায়নিক সার ও কিটনাশকের ব্যবহার এবং পাখি শিকারের ফলে দেশে পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে। তাছাড়া পাখি শিকারীরা বন্দুক, এয়ারগান, গুলতি, ফাঁদ ও বিষটোপ দিয়ে প্রতিনিয়ত পাখি শিকার করে চলেছে।

জনসচেতনতা বৃদ্ধি ও পাখি নিরাপদ বাসার জন্য পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’ পাইকগাছা উপজেলার বিভিন্ন গাছে মাটির হাড়ি, কলস বেঁধে দিচ্ছে। এরমধ্যেই উপজেলার শতাধিক গাছে মাটির হাড়ি, কলস বেঁধে দেয়া হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামের গাছ-গাছালিতে মাটির হাড়ি, কলস বেঁধে দেয়া হবে।

এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানান, পাখি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মানবজাতির অমূল্য সম্পদ। পাখির অপরূপ সৌন্দর্যে মানুষ যেমন মুগ্ধ হয়, তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে মানবজাতির অপরিসীম উপকার করে। তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য পাখিদের জীবন সংরক্ষণ জরুরী।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial