নদী ভাঙ্গনে হুমকীর মুখে বাগেরহাট-রূপসা সড়ক ॥ ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন
মোঃ কামরুজ্জামান, বাগেরহাট :
বাগেরহাটের ভৈরব নদীর ভাঙ্গনের কবলে পড়ে হুমকীর মুখে পড়েছে বাগেরহাট-রূপসা পুরাতন সড়ক। এরই মধ্যে যাত্রপুরের মুচিঘাট নামক স্থানে নদী ভাঙ্গনের কারনে সড়কটির অর্ধেক এরও বেশি নদীতে বিলীন হয়ে গেছে। আর সড়কটির বাকি অংশে ফাটল দেখা দেয়ায় যে কোন সময় পুরো সড়কটি নদীতে বিলিন হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। এ অবস্থায় বিকল্প কোন পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে যাত্রীবাহি মাহেন্দ্র, ইজি বাইক, মাইক্রোবাস, মালবাহি ট্রাসহ শত শত যানবাহন চলাচল করছে এ সড়কটি দিয়ে। এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার নিয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে গুরুত্বপূর্ণ এ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের তাই সড়কের সংস্কার করার দ্বিয়ীত্ব তাদের। অপরদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে নদী ভাঙ্গনের কারনে সড়কটি ভেঙ্গে গেছে। তাই পানি উন্নয়ন বোর্ড যতক্ষন সড়কটির পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর প্ইালিং এর কাজ না করবে ততক্ষন সড়কটির সংস্কার কাজ করা সম্ভব নয়।
এ বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার বলেন, খবর পেয়ে আমি বাগেরহাট-রুপসা পুরাতন সড়কে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছি। আপাতত নদী পাইলিং এর কাজ করা হবে। যেহেতু সড়কটি সড়ক ও জনপথ বিভাগের তাই সড়ক সংস্কারের কাজ তারাই করবে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, নদী ভাঙ্গনে সড়কটি ধসে নদীতে বিলিন হয়ে গেছে। যার সংস্কার কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া সড়কটি সচল রাখতে ও ঝুকি এড়াতে সড়কটির পাশে ইটের সলিং দিয়ে সম্প্রশারন করা হয়েছে। যাতে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে।
সড়কটির পাশে অবস্থিত সমিল মালিকসহ একাধিক মাহেন্দ্র ও ট্রাক চালক জানান, প্রতিদিন এ সড়কটি দিয়ে মাহেন্দ্র, ইজি বাইক ও মালবাহি ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করে। সড়কটি ভেঙ্গে ঝুকিপূর্ণ হওয়ায় এরই মধ্যে ছোট-খাট র্দূঘটনার শিকার হচ্ছে পথচারীসহ যানবাহন চালকরা। এর আগেও যাত্রপুরের এই একই স্থনে নদী ভাঙ্গনের কারনে সড়কটি নদীতে বিলিন হয়ে গিয়েছিল। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সড়কটি সংস্কারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন বলেন, এ জায়গাটি একাধিকবার ভাঙ্গনের কবলে পরেছে। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারনে বারবার নদী ভাংগনে এ সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এলাকাবাসির পক্ষে দ্রুত এ সড়কটি মেরামতের দাবী জানাচ্ছি।
