ঈদের ছুটিতে বাগেরহাটের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শানার্থীদের ভিড়
মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি :
ঈদের ছুটিতে বাগেরহাটের বিনোদন কেন্দ্রসহ ঐতিহাসিক স্থানগুলোতে পর্যাটক ও মানুষের উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদ, হযরত খানজাহান (রহ:) এর মাজার, দড়াটানা নদী তীরের বাগেরহাট পৌরপার্ক, মুনিগঞ্জ সেতুসহ বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছিল সব বয়সীদের। আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার, প্রিয়জনের সাথে ঘুরে বেড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন সবাই। ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই মিলে উদযাপন করেছেন পবিত্র ঈদুল ফিতরের দিনটি।
সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল সাড়ে ছয়শ’ বছরের পুরানো হযরত খানজাহান (রহ.) অমর সৃষ্টি ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও মাজারে। বাগেরহাটের বাইরে বিভিন্ন এলাকা থেকেও হাজার হাজার মানুষ এদিন ঘুরতে আসেন এখানে। ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা সুন্দরবন রিসোর্ট, দশানী পার্ক, চন্দ্রমহল ইকোপার্কে শিশুদের মত বড়রাও মেতে ওঠেন আনন্দে। বিভিন্ন রাইডে চড়ে দারুণ আনন্দ উপভোগ করে শিশুরা।
সুন্দরবন রিসোর্টের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ঈদের প্রথম দিনেই বিনোদন কেন্দ্র মানুষের ঢল নেমেছে। সব বয়সের মানুষই আসছেন। তবে সবচেয়ে বেশি আনন্দ করছে শিশুরা। আবহাওয়া অনুকুলে থাকলে ঈদের পুরোছুটিতেই এখানে ব্যাপক মানুষ আনন্দ উপভোগ করবেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাগেরহাট যাদুঘরের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস বলেন, সারাবছরই দেশি-বিদেশি পর্যটকরা আসেন বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরে। ষাটগম্বজ মসজিদ কম্পাউন্ড ছাড়াও বাগেরহাটের অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন তারা। ঈদের ছুটিতে ষাটগম্বুজসহ বাগেরহাটের পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের সংখ্যা কয়েক গুন বেড়েছে। বাগেরহাটের বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী এসেছেন।
