প্রধান সূচি

সুন্দরবনে ডুবে যাওয়া কার্গো উদ্ধারে কাজ শুরু

বাগেরহাট  প্রতিনিধি :

সুন্দরবনের হাড়বাড়িয়ায় মোংলা বন্দর চ্যানেলে বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যাওয়ার তিন দিন পর বৃহস্পতিবার সকালে সিমেন্টের কাঁচামাল (স্লাগ) বোঝাই কার্গো জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে।

স্থানীয় মেসার্স খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র ২০ সদস্যের একটি ডুবরি দল ডুবন্ত জাহাজটি উদ্ধারের কাজ শুরু করেছেন। তারা ঘটনাস্থলে পৌছে জাহাজের ভিতরের হ্যাচ/কেবিনে থাকা প্রায় ৮৭০ মেট্টিন টন স্লাগ অপসারণে কাজ করছে। ডুবন্ত জাহাজের ভিতর থেকে স্লাগ বের করে পাশের অন্য নৌযানে রাখা হচ্ছে। পণ্য উত্তোলন শেষে জাহাজটি যখন হালকা হবে তখন জাহাজটির নিচ ও চারপাশে লোহার তার পেচিয়ে এবং ডুবন্ত কার্গোর দুইপাশে দুইটি বার্জের মাধ্যমে টেনে তোলা হবে।

কার্গো জাহাজের মাস্টার নজরুল ইসলাম জানান, কার্গো উদ্ধারে বৃহস্পতিবার সকালে থেকে কাজ শুরু হয়েছে। মোংলার কুমারখালী এলাকার একটি স্যালভেজ টিম এ কাজ করছে। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে।

মেসার্স খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র মালিক আবুল কালাম জানান, চুক্তির ভিত্তিতে আমরা জাহাজটি উত্তোলনের কাজ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে থেকে উদ্ধার কাজ শুরু করেছি। প্রথমে জাহাজের ভিতরের মালামাল অপসারণ করা হচ্ছে। এরপর জাহাজটি উত্তোলনের কাজ শুরু করা হবে। জাহাজটি উত্তোলনের জন্য চট্টগ্রাম থেকে দুইটি বার্জ ও ক্রেন ভাড়া করা হয়েছে। এ বার্জ ও সরঞ্জামাদি ঘটনাস্থলে এসে পৌছাতে আরো ৪/৫দিন সময় লাগবে। তবে আগামী ১০/১২ দিনের মধ্যে আমরা জাহাজটি উদ্ধার করতে পারবো।

এদিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া ফরেস্ট অফিস সংলগ্ন সুন্দরবনে স্লাগ বোঝাই কার্গো ডুবির ঘটনায় জলজ ও প্রাণীজ সম্পদের কোন ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে কিনা সেজন্য খুলনা পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ ওই এলাকা থেকে পানি সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাইদুল ইসলাম।

উল্লেখ্য, গত সোমবার ভোরে হাড়বাড়িয়ার ৪নং এ্যাংকোরেজে থাকা বিদেশী পতাকাবাহী জাহাজ এমভি আতিকিএসবি’র সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায় প্রায় ৮৭০ মেট্রিক টন স্লাগ বোঝাই কার্গো জাহাজ এমভি সেবা। সেবা সিমেন্টের কাচামাল বোঝাই করে খুলনার রুপসাস্থ সুনসিং সিমেন্ট ফ্যাক্টরীর জেটিতে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial