প্রধান সূচি

মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট আলী হায়দার খানের ইন্তেকাল

কন্ঠ ডেস্ক :
প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, ৬০’র দশকের প্রখ্যাত ছাত্র নেতা, সুপ্রীম কোর্টের আইনজীবি এবং প্রখ্যাত সাহিত্যিক মরহুম হুমায়ুন আহম্মেদের ভগ্নিপতি এডভোকেট আলী হায়দার খান আজ সোমবার ভোর রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনী জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে আলী হায়দার খান পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বে থেকে আইয়ূব বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (জহরুল হক) ছাত্র সংসদে ১৯৬৩ সালে জিএস ও ১৯৬৫ সালে ভিপি নির্বাচিত হন। এ সময় তিনি নিরাপত্তা রাজবন্দী হিসেবে জেল হাজতে ছিলেন। ৭০’র নির্বাচন থেকে দলীয় সিদ্ধান্তে মোজাফ্ফর ন্যাপের সদস্য হয়ে পিরোজপুরে ৮০’র দশক পর্যন্ত রাজনীতি করেছেন।
১৯৮৬ সালে পিরোজপুর-১ আসনে ৮ দলীয় প্রার্থী হয়ে নৌকা মার্কা নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করেন এবং পরে আওয়ামী লীগে যোগ দেন। শেষ জীবনে তিনি ঢাকায় সপরিবারে বসবাস করতেন।
আগামীকাল মঙ্গলবার পিরোজপুরে তাঁর জানাজা শেষে পৌর কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
                                                                     পরিবেশ ও বন মন্ত্রী শোক
এডভোকেট আলী হায়দার খানের ইন্তেকালে পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গভীর শোক জানিয়েছেন। তিনি এক শোকবানীতে বলেন স্বাধীনতার আগে ও পরে মরহুম আলী হায়দার খান বাংলাদেশের রাজনীতিতে একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসাবে চিরকাল বেঁচে থাকবেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আনোয়ার হোসেন মঞ্জু সহানুভুতি ও সমবেদনা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial