বাগেরহাটে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মর্কার লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট শহরের বাসষ্টান্ড সংলগ্ন হোটেল আল আমিন (আবাসিক) থেকে মোঃ শহিদুজ্জামান আনসারী (৫২) নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১২টার দিকে হোটেলের ১২নং রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। শহিদুজ্জামান আনসারী বাগেরহাট আদালতের সিএসআই হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মোঃ শহিদুজ্জামান আনসারী গোপালগঞ্জ জেলার করপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বাগেরহাট আদালতের সিএসআই হিসেবে কর্মরত পুলিশ কর্মকর্তা শহিদুজ্জামান আনসারী রবিবার সকালে তার কর্মস্থলে না গেলে তার সহকর্মীরা মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে তাকে না পেয়ে তারা হোটেল আল আমিনে গিয়ে তার রুমের বাইরে থেকে অনেক ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হ্যার্ট এট্যাককে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
হোটেল আল আমিনের ম্যানেজার এমাদুল হক বলেন, দীর্ঘ দুই বছর ধরে পুলিশ কর্মকর্তা শহিদুজ্জামান আনসারী এই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকেন। রবিবার সকালে বাগেরহাট আদালত থেকে অন্যান্য পুলিশ কর্মকর্তা তাকে ফোনে না পেয়ে হোটেলে চলে আসে। এসময় ডাকাডাকির এক পর্যায়ে রুমের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তারা মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার লাশ দেখতে পায়।
