শরণখোলার তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ নিয়োগে ১০ লাখ টাকা উৎকোচ নেয়ার গুঞ্জন
বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ নিয়োগে এক প্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা উৎকোচ গ্রহনের গুঞ্জন উঠেছে। নিয়োগ বোর্ডের কতিপয় সদস্যের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ ওঠায় অপর প্রার্থীরা এ নিয়োগের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তারা স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক প্রার্থী ও নিয়োগ বোর্ডের সদস্যের অভিযোগে জানা যায়, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ছয় জন প্রার্থী ওই পদে আবেদন করেন। প্রথমে নিয়োগ বোর্ডের সকল সদস্য ফেয়ার পরীক্ষার মাধ্যমে অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেন। কিন্তু নিয়োগ বোর্ড গঠনের পর মানিক চাঁদ নামের এক প্রার্থী মোটা অংকের টাকা নিয়ে বোর্ডের কতিপয় প্রভাবশালী সদস্যের কাছে গোপনে যোগাযোগ শুরু করেন। এমনকি নিয়োগ পাইয়ে দেওয়ার জন্য তিনি ইতোমধ্যে ১০ লাখ টাকা ওই সদস্যদের উৎকোচ হিসেবে দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তারা আরো অভিযোগ করেন, গত ১৮ মে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু উৎকোচ গ্রহনকারীরা কৌশলে সে তারিখ পরিবর্তন করে তাদের সুবিধামত ২৩ মে মঙ্গলবার করা হয়। একাডেমিক শিক্ষায় অনার্স ও মাষ্টার্সে তৃতীয় বিভাগপ্রাপ্ত মানিক চাঁদ নামের ওই প্রার্থীকে পরীক্ষার আগে প্রশ্নপত্র সরবরাহ করা হবে বলেও তারা সন্দেহ করছেন। এতে অন্য প্রার্থীরা হতাশ হয়ে পড়েন। তারা প্রশাসনের সহযোগিতায় স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে একজন দক্ষ অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন।
জানতে চাইলে ডিজির প্রতিনিধি বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ এ এইচ এমএ খালেক বলেন, একাধিক তৃতীয় বিভাগপ্রাপ্তরা এমপিও ভুক্তির আওতায় আসার কথা নয়। যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের সার্টিফিকেট দেখা হবে।
এ ব্যাপারে কলেজ গভর্নিং বডির সভাপতি মেজবাহ উদ্দিন খোকন উৎকোচের বিষয়টি অস্বীকার করে নিয়োগ পরীক্ষা নিরপেক্ষ হবে বলে দাবি করেন।
