বাগেরহাটে মেরিন ইনিষ্টিটিউটের শিক্ষার্থীকে কানে ধরে ক্যাম্পাস প্রদক্ষিন ॥ প্রতিবাদে সড়ক অবরোধ
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে মেরিন ইনিষ্টিটিউটে খাবার পানির সংকট এমন কথা জানিয়ে সামাজাকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মোঃ রাকিব খান নামের এক ছাত্রকে প্রিন্সিপাল সিরাজুল ইসলামের নির্দেশে কান ধরে ক্যাম্পাস প্রদক্ষিন ও রুমে রুমে গিয়ে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনা ইনিষ্টিটিউটের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ইনিষ্টিটিউটের ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রিন্সিপাল সিরাজুল ইসলামের শাস্তির দাবী জানিয়ে মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মেরিন ইনিষ্টিটিউটের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মেরিন ইনিষ্টিটিউটের ক্ষুব্দ একাধিক শিক্ষার্থী জানান, সম্প্রতি ক্যাম্পাসে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। বিষয়টি নিয়ে আমাদের সহপাঠি রাকিব ফেসবুকে একটা ষ্ট্যাটাস দিলে প্রিন্সিপাল সিরাজুল ইসলাম তা জানতে পারে। পরে এদিন দুপুরে প্রিন্সিপাল ক্লাসরুমে এসে রাকিব অপরাধ করেছে এই মর্মে স্বীকারোক্তি নিয়ে তাকে কানে ধরিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করায় এবং প্রতিটি রুমে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করে।
এসময় রাকিবের মা বিষয়টি নিয়ে প্রিন্সিপাল সিরাজুল ইসলামের কাছে ক্ষমা চাইলে প্রিন্সিপাল তার সাথেও খারাপ আচারণ করেন। শুধু তাই নয় ক্যাম্পাসের নি¤œমানের খাবার খেতে বাধ্য করেন। যার প্রতিবাদ করলে প্রিন্সিপাল ইনিষ্টিটিউটের ছাত্রদের সাথে দুঃব্যবহার করেন।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, মেরিন ইনিষ্টিটিউটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শিক্ষার্থীদের ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে বাগেরহাটে মেরিন ইনিষ্টিটিউটের প্রিন্সিপাল সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
