পিরোজপুরে নববধূর রহস্যজনক মৃত্যু
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকায় দিপা রানী (১৮) নামে নামে এক নববধূর রহস্যজনক মৃতু হয়েছে। আজ রবিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পিরোজপুর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, মৃতদেহের গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট গেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
মৃত দিপার মামা অধির কুমার জানান, দিপাদের মূল বাড়ি ইন্দুরকানী উপজেলার কলারণ চন্ডিপুর গ্রামে। ওর বাবা দিপক সোম ঢাকায় থাকে। দিপা পিরোজপুর সদর উপজেলার চলিশা গ্রামের মামাবাড়িতে থাকতো। গত ৫ মাস আগে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী গ্রামের শংকর দাসের ছেলে টমটম চালক তাপস দাসের সাথে দিপার বিয়ে হয়। বিয়ের পর থেকে দিপা স্বামীর সাথে শ্বশুর বাড়িতেই থাকতো। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে (অধির) ফোনে জানানো হয় দিপা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ির লোকজন রাত ১১ টার দিকে দিপাকে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, তাপসের এক আত্মীয় জানান, শনিবার সন্ধ্যার দিকে দিপা তাপসকে ফোন দিয়ে বাড়ি আসতে বলেছিল। রাত সাড়ে ৯ টার দিকে তাপস বাড়ি গিয়ে দেখে ঘর ভিতর দিয়ে দেয়া এবং ঘরের ভিতর গোঙ্গানীর শব্দ হচ্ছে। তখন সে ঘরের দরজার কয়রা ভেঙ্গে ঢুকে দিপাকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর থানার সেকেন্ড অফিসার মোঃ মামুন জানান, রাতে হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দিপার স্বামী তাপস দাসকে আটক করা হয়েছে।
