চিতলমারীতে সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে এক সংখ্যালঘু পরিবারের জায়গা দখল করে নিয়ে বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দখলকারীরা ওই জমির কয়েকটি গাছ কেটে নেয়। বেড়া দেওয়ার সময় বাঁধা দিতে গেলে জমির মালিককে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এতে ওই সংখ্যালঘু পরিবারটি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার খলিশাখালী গ্রামের বিমল মজুমদারের ছেলে হরিদাস মজুমদারের পৈত্রিক ও ভোগ দখলীয় সম্পত্তিতে গত মঙ্গলবার পার্শ্ববর্তী মৃত ওসমান শেখের ছেলে নুরু শেখ (৩০) আখির শেখ (২৫)সহ অজ্ঞাত ৭/৮ জন লোক জোরপূর্বক দখল করে বেড়া দেয়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে দখলকারীরা অকথ্য ভাষা গালাগাল করে ও প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় হরিদাস মজুমদার বাদী হয়ে গত মঙ্গলবার চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে চিতলমারী থানার এস আই উজ্জল কুমার বিশ্বাস জানান, অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় পক্ষের কাগজপত্র দেখে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা চলছে।
