বাগেরহাটে মন্দিরের জায়গা দখল করে প্রভাবশালীর মৎস্য ঘের
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে মন্দিরের জায়গা দখল করে মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় বেমরতা ইউনিয়নের হিন্দু ধর্মামলম্বীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। এদিকে শ্রী শ্রী শীতলা খোলা নামে পরিচিত সার্বজনিন এ মন্দিরের দখলকৃত জায়গাটি ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন বেমরতা ইউনিয়নের বিমল কৃষ্ণ দাস নামের এক ব্যক্তি।
জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, সদর উপজেলার বেমরতা ইউনিয়নে শ্রী শ্রী শীতলা খোলা নামে পরিচিত সার্বজনিন এ মন্দিরের ৩৯ একর জায়গা জোর করে দখল করে একই এলাকার আকবর শেখের ছেলে প্রভাবশালী শহিদুল ইসলাম সহিদ। দীর্ঘদিন ধরে দখলে রাখা ওই জমিটিতে সে মৎস্য ঘের হিসেবে ব্যবহার করে আসছে।
এ বিষয়ে বিমল কৃষ্ণ দাস বলেন, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী শহিদুল ইসলাম মন্দিরের ওই জায়গাটি দখল করে রেখেছে। তাই বাধ্য হয়ে মন্দিরের এই জায়গাটি উদ্ধারের জন্য আমি জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি। আমরা বেমরতা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকজন জেলা প্রশাসকের মাধ্যমে দখলকৃত মন্দিরের ওই জায়গাটি উদ্ধারের জোর দাবী জানাচ্ছি।
