পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব প্রতিষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
উপজেলা পর্যায়ে থেকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সচেতনতা সৃষ্টি করতে পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ১৪ ধরণের কর্মসূচি এ ক্লাব বাস্তবায়ন করবে।
মঙ্গলবার অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশনে এ তথ্য জানান ক্লাবের আয়োজকরা। স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও ক্লাব সভাপতি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান খালেক, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ ইদ্রিস আলী, পুলিশ ইন্সপেক্টর এ আর মুকুল, ক্লাব সাধারণ সম্পাদক ও টাউন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম সরদার প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, মাহামুদ হোসেন, প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, আবু হানিফ মল্লিক, ফিরোজ রব্বানী প্রমুখ। ক্লাবের উদ্দেশ্য ও পরিচালনা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রধান শিক্ষক নাসরিন সুলতানা। মুক্তিযুদ্ধে শহীদ পিরোজপুরের তৎকালীন মহকুমা পুলিশ প্রধান এবং প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ও শিক্ষাবিদ ডঃ মোহাম্মদ জাফর ইকবালের পিতা স্বাধীনতা পদকপ্রাপ্ত ফয়জুর রহমান আহমেদের নামে এ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে।
