পিরোজপুর জেলা পরিষদকে আধুনিক ও মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তোলা হবে …. মহিউদ্দিন মাহারাজ
হাফিজুর রহমান, ইন্দুরকানী :
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমি কোন রাজনৈতিক ভিশন বাস্তবায়নের জন্য আসিনি। পিরোজপুরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আর সে লক্ষে পিরোজপুর জেলা পরিষদকে আধুনিক ও মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো।
গতকাল সোমবার দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা পরিষদ সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন মহারাজ বলেন, প্রতিটি উপজেলায় জেলা পরিষদের যে সকল জমি আছে তা ব্যবহার করে মানুষের কল্যাণে এবং আয়বর্ধক কাজ করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। অতীতে জেলা পরিষদ সম্পর্কে মানুষের তেমন কোন ধারণা ছিল না। আমি জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত জেলা পরিষদের অবস্থান তুলে ধরতে চাই।
জেলা পরিষদ চেয়ারম্যান আরও বলেন, ইন্দুরকানী এলাকার উন্নয়নে শুধু জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নয়, আমি একজন আপনাদের সেবক হিসেবে বেড়িবাঁধ নির্মাণ, সড়ক সংস্কারসহ যাবতীয় উন্নয়নে কাজ করবো।
তিনি এলাকার উন্নয়নে চেয়ারম্যানদের পঞ্চ বার্ষিকী পরিকল্পনা করে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নের তালিকা করে জেলা পরিষদে দেয়ার জন্য আহ্বান জানান।
এ সময় তাকে চেয়ারম্যান নির্বাচিত করায় এলাকার ইউপি সদস্যদের ধন্যবাদ জানান মোঃ মহিউদ্দিন মহারাজ। একই সাথে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সহায়তা এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যাান রফিকুল ইসলাম সুমন, আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা জেপির যুগ্ম সম্পাদক কাওসার আহম্মেদ দুলাল, ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কবির হোসেন বয়াতী, ইউপি সদস্য আবুল হোসেন, নিগার সুলতানা প্রমুখ।
এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের পক্ষে এ্যাডভোকেট এম মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, উপজেলার ৩ ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি উপজেলা পরিষদ সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শণ করেন এবং ডাকবাংলো সংস্কারের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
