কাউখালীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শ্মশানঘাটের পাশের একটি রেইনট্রি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বপন দেবনাথ কাউখালী উত্তর বাজারের ‘শ্রুতি’ নামের একটি টেইলারিং শপের মালিক ছিলেন। তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের কার্তিক দেবনাথের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপন দেবনাথের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা কাউখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কাউখালী থানায় নেওয়া হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
