আজ ২৬ মার্চ ।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ষ্টাফ রিপোর্টার :
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভয়াল ‘কালরাত্রি’র পর রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের এই দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষিত হয়েছিল। এ ঘোষণার মাধ্যমে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। দীর্ঘ নয় মাস রক্তপাত আর অজ¯্র প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা ।
স্বাধীনতা মানে ইচ্ছার স্বাধীনতা, রাজনীতির স্বাধীনতা এবং অবশ্যই উন্নত-সমৃদ্ধ অর্থনৈতিক পরিবেশে শ্রেণী-পেশা-ধর্ম নির্বিশেষে সবার আরও ভালো থাকার জন্য নিশ্চিত অধিকার। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”। অশেষ আত্মত্যাগের বিনিময়ে রাজনৈতিক স্বাধীনতা আমরা অর্জন করেছি।
আজ রবিবার ভোরের সূর্যোদয়ের সাথে সাথেই বাঙালী জাতির জীবনে সূচনা ঘটেছে আরও একটি ঝলমল উৎসব দিনের। রক্ত, অশ্রুস্নাত বিক্ষুব্ধ বিদ্রোহের দিন ২৬ মার্চ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহার্ঘ স্বাধীনতা দিবস। এ ভূ-ভাগের সবচেয়ে বড় অর্জন, বাঙালীর সহ¯্র বছরের জীবন কাঁপানো ইতিহাস মহান স্বাধীনতা। অসংখ্য শহীদের রক্তে ভেজা, জাতির বীরসেনানীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের সূচনা দিন। বাঙালীর স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের শুরুর দিন। গৌরব ও স্বজন হারানোর বেদনার এই দিনে বীর বাঙালী সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিল। তাই আজ গৌরব ও অহঙ্কারের দিন।
আজ ২৬ মার্চ রবিবার, স্বাধীনতা ও জাতীয় দিবস। সরকারি ছুটির দিন। নানা আনুষ্ঠানিকতায় সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। জাতি বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করছে যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যারা জীবনকে তুচ্ছ করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
আজ রবিবার প্রত্যুষে ভাগীরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরনে সকাল ৬ টায় শহীদ স্মৃতিস্তম্ভে অর্পন করা করা হয় পুষ্পমাল্য।
ভোর ৬ টায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান খালেক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, যুব মহিলা লীগ, জেলা বিএনপি, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পিরোজপুর প্রেসক্লাব, সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়, আফতাব উদ্দিন মহাবিদ্যালয়, উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৮ টায় জেলা ষ্টেডিয়ামে রাষ্ট্রের পক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আরশ সেখ এবং পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন। এ সময় তারা পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করেন।
স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষে থেকে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে মসজিদ মন্দিরে দোয়া মোনাজাত ও বিশেষ প্রার্থনা। বিকেলে জেলা ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা, লেডিস ক্লাবে মহিলাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় পিরোজপুরের বিভিন্ন সরকারী ও বেসরকারী ভবনে আলোকসজ্জা করা হয়।
