পিরোজপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এএসআই আহত : গ্রেফতার-২

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে মাদক ব্যবসায়ী চক্রের হামলায় ডিবি পুলিশের এএসআই মাঈনুদ্দিন আহত হয়েছেন। মাদক ব্যবসায়ীরা তার ডান হাত কুপিয়ে মারাত্মক আহত করেছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমুরীতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আরিফুল ইসলাম বাবু ওরফে রাঙ্গা সোহেল (৩২) এবং ছাব্বির হোসেন রাজন মোল্লা (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আহত এএসআইকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর জেলা ডিবি পুলিশের ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদে মাদক কেনা-বেচার খবর পেয়ে ডিবি পুলিশের এস আই নুরুল আমীন, এস আই জসিমের নেতৃত্বে ১০/১২ জনের ডিবি পুলিশের একটি টিম বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার ডুমুরীতরা এলাকায় মাদক বিরোধী একটি অভিযানে যায়। এ সময় ডিবি পুলিশের অবস্থান টের পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরতে গেলে তারা (মাদক ব্যবসায়ী) এএসআই মাঈনুদ্দিনের হাতে দাড়ালো দায়ের কোপ দিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় মাঈনুদ্দিনকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ (সদর সর্কেল) আহমাদ মাঈনুল হাসান জানান, জেলাব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে শহরতলীর ডুমুরীতলা এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযানে গেলে মাদক ব্যবসায়ীর একটি চক্র কর্তব্যরত পুলিশের উপর হামলা চালিয়ে এএসআই মাঈনুদ্দিনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ৪ জন নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করে বুধবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ রাতে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী আরিফুল ইসলাম বাবু ওরফে রাঙ্গা সোহেল (৩২) এবং ছাব্বির হোসেন রাজন মোল্লা (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ হাসপাতালে আহত পুলিশের এএসআইকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। পিরোজপুর সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলম এসময় জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ছিলেন।
