নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা
‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ- সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। এসময় আরো বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক কাজী মোঃ তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ। নিরাপদ খাদ্যের জন্য কীটনাশক ও রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। আধুনিক প্রযুক্তি ও উন্নত কলা-কৌশল ব্যবহার করে চাষাবাদের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এসময় শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
