প্রধান সূচি

আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিবিদ হিসাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলছেন …. তাসমিমা হোসেন

জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধিকার  আন্দোলন তথা ৫২’র ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসাবে তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদান সর্বজনবিদিত। বাঙ্গালী তথা ভান্ডারিয়ার মানুষ মানিক মিয়ার কারণে আজ ধন্য। তিনি এই মাটিতে জন্ম নিয়েছিলেন বলেই এখানকার বাসিন্দার ব্যাপক উন্নয়নের স্বাদ পেয়েছেন। তাঁর পুত্র আনোয়ার হোসেন মঞ্জু স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময় গণতন্ত্র বিকাশে ভূমিকা রেখে আসছেন।

শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজ আয়োজিত সংগঠনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ৮০ দশকে সামরিক শাসন থেকে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে রাজনীতিক আনোয়ার হোসেন মঞ্জু এরশাদ সরকারের মন্ত্রী হয়ে এক বিশাল দায়িত্ব পালন করছেন। পরে বিভিন্ন সরকারে ১৭ বছর মন্ত্রীত্ব এবং ২৫ বছর সংসদ সদস্য পদে থেকে এই ধারাকে তিনি অব্যহত রেখেছেন। পাশাপাশি ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলে যে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন তা মানুষের জীবন-যাপনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তাঁর এই উন্নয়ন ও ঐক্যের রাজনীতি প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আগামীতেও তাঁকে সংসদে ও সরকারে পাঠাবে। আমরা বর্তমান জোট সরকারের সাথে আছি, আওয়ামী লীগের সাথে আমাদের পারিবারিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আনোয়ার হোসেন মঞ্জু সব সময় ঐক্যের কথা বলেন। মানুষকে কোন্দল না করে একটি সমাজে সংঘবদ্ধভাবে কি করে বসবাস করতে হয় এই কঠিন কাজটি তিনি এলাকাবাসীকে শিখিয়েছেন। জাতীয় ছাত্র সমাজের আজ দায়িত্ব হবে এই আদর্শকে ছাত্রদের মধ্যে এবং সমাজে ছড়িয়ে দেয়া।

ভান্ডারিয়ায় উপজেলা জাতীয় পার্টি-জেপি’র কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক শাহ আলম পান্নু, বাহাদুর সরদার, ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক মোস্তফা সিকদার, ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মামুন ফরাজী, আফজাল হোসেন সরদার, নাজমুল আলম রাজু গাজী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, যুগ্ম সংহতির আহ্বায়ক শহীদুজ্জামান রাজু, সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের সদস্য সচিব সালাউদ্দিন রাহাত জোমাদ্দার, ভান্ডারিয়া কলেজ ছাত্র সমাজের আহ্বায়ক  জহিরউদ্দিন অন্তু সরদার। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি তাসমিমা হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এর আগে বিকালে সংগঠানের উদ্যোগে একটি র‌্যালী বের হয়।

রাজপাশা গ্রামে নারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান

তাসমিমা হোসেন গতকাল শুক্রবার বিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশায় গ্রামীণ নারীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আরও বলেন, অজ্ঞতা হচ্ছে মানুষের বড় শত্রু। আমার দেশকে আমার গ্রামকে বাঁচাতে হলে নারী-পুরুষ উভয়কেই শিক্ষিত হতে হবে। এ ক্ষেত্রে নারী শিক্ষার উপর জোর দিতে হবে। বিশেষতঃ মাদকের ভয়াবহ গ্রাস থেকে সন্তানদের রক্ষা করতে মা-বাবাকে সতর্ক ভূমিকা নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন। স্বামী-স্ত্রী একত্রে কাজ করলে নিজেরা স্বাবলম্বি হওয়া দ্রুততর হয়। ফলে একজনের অবর্তমানে আরেক জন সংসারের হাল ধরে রাখতে পারেন। বেগম রোকেয়ার প্রদর্শিত পথে এ দেশের নারীরা শিক্ষিত হওয়া, নিজেদের পায়ে দাড়ানো, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে প্রবাহমান ধারাকে অনুসরণ করা আমাদের অঞ্চলেও উদাহরণ সৃষ্টি করছে। আমরা গ্রামের মহিলাদের সভা, সমিতি, সংগঠন তৈরী করে তাদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি। যার সুফল গ্রামীণ জনগোষ্ঠীতে ইতিমধ্যে প্রতিফলিত হচ্ছে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তা ইতিবাচক ভাবে স্পষ্ট হয়ে উঠেছে। তাসমিমা হোসেন  বলেন, সংঘবদ্ধতা ও সংগঠনের জন্য শক্তিশালী ব্যক্তিত্বের প্রয়োজন। নেতৃত্বের চালিকা শক্তির মধ্যে চারিত্রিক দৃঢ়তা থাকা প্রয়োজন। এ অঞ্চলে এই বলিষ্ঠ নেতৃত্বের উজ্জল দৃষ্টান্ত হচ্ছেন আনোয়ার হোসেন মঞ্জু। ৩২ বছরে এই অঞ্চলে আনোয়ার হোসেন মঞ্জু’র নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার তুলনা তিনিই। এ সময় এলাকার প্রভুত উন্নয়নের মধ্যে সড়ক যোগাযোগ  অবকাঠামো, বিদ্যুৎ, নারী শিক্ষাসহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্র, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। তিনি আরও বলেন, ১৯৯০ সালের পর আমি রাজনীতিতে অংশ নিয়েছি এবং তখন এলাকার স্থানীয় সরকার পর্যায়ে অনেক প্রবীণ নেতার সঠিক নেতৃত্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। এসব নেতাদের অনেকেই এখন আর  আমাদের  মাঝে নেই। তাদের আদর্শকে অনুসরণ করে বর্তমান প্রজন্মের নেতৃত্বকে পথ চলতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে ইসলাম ধর্মকে অবলম্বন করে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। স্থানীয় রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা জেপি’র সভানেত্রী আসমা আক্তার, স্থানীয় নারী নেত্রী বিউটি রানী, মিলন আক্তার, হাসিনা বেগম, সাজেদা আক্তার ছবি, শাহনাজ আক্তার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial