ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
ভান্ডারিয়া – মঠবাড়িয়া মহাসড়কের মাদার্শী মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ মাসুদ মিয়া (৪০) নামের এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিরুখালী ইউনিয়নের ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মিয়ার ছেলে ও ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মাসুদ মিয়া মঠবাড়িয়ার মিরুখালী থেকে মাহেন্দ্র যোগে শশুর বাড়ি ভান্ডারিয়ায় যাচ্ছিলেন। এ সময় ভান্ডারিয়া – মঠবাড়িয়া মহাসড়কের মাদার্শী মোড় এলাকায় সড়কের পাশে কলাগাছ কাটার সময় একটি কলাগাছ চলন্ত মাহিন্দ্রর উপর ছিটকে পড়লে ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাহেন্দ্র গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী মাসুদ গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শেখ আউয়াল কবির দুর্ঘটনা বিষয় নিশ্চিত করে জানান, নিহত মাসুদের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
