প্রধান সূচি

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে গ্রেফতারের পরে আইনী প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের একটি পাঁকা সড়কে মো. ছালাম শেখকে মারধরের ঘটনা ঘটে। এসময় বাড়ি ফেরার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
বিএনপির কর্মীদের গালিগালাজ এবং দলটির কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় ছালাম শেখকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এ ঘটনায় নোমান হোসেন মৃধাসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বৃদ্ধকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial